ক্যালিফোর্নিয়ায় বেপরোয়া গুলি হামলা চালানো সন্দেহভাজনদের একজনকে সনাক্ত করা গেছে। তার নাম সৈয়দ ফারুক।
ভয়াবহ এই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়। মার্কিন সংবাদ মাধ্যম একথা জানায়। সরকারি রেকর্ড বই থেকে যুক্তরাষ্ট্রের সান বার্নার্দিনো কাউন্টির পরিবেশ বিষয়ক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করা একই নামের এক ব্যক্তির তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, এ কাউন্টিতেই মর্মান্তিক গুলি বর্ষণের ঘটনাটি ঘটে।
লস অ্যাঞ্জেলস টাইমস জানায়, আইন প্রয়োগকারী সংস্থার দুই সূত্র সন্দেহভাজন এ ব্যক্তির নাম সৈয়দ ফারুক বলে জানায়। একই নামের এক ব্যক্তি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দা হিসেবে তালিকাভুক্ত রয়েছে। সেখানে বুধবারের বন্দুক হামলার ঘটনায় পুলিশ ওই সন্দেহভাজনকে শনাক্ত করে।
উল্লেখ্য, সান বার্নার্দিনোতে ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে হলিডে পার্টি চলার সময় বুধবারে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন প্রাণ হারায়। এএফপি।
