প্রতিবন্ধীদের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৬:০৭
 
প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
 
শেখ হাসিনা বলেন, আমি সবাইকে আবেদন করব যে, প্রতিবন্ধীরা আমাদের সংসার, সমাজ, দেশের একটা অংশ। তাদেরকে অবহেলা নয়, তাদের প্রতি সহানুভূতিশীল ও সংবেদনশীল হতে হবে। তারাও যে আমাদের দেশের মূল স্রোতের সেটা সবসময় মনে রাখতে হবে। আর বিশেষ করে, সমাজের যারা বিত্তবান ব্যক্তি আছেন, তারা প্রতিবন্ধীদের সুরক্ষায় ও সহযোগিতায় এগিয়ে আসবেন- সেই আহ্বান আমি জানাচ্ছি।
 
তিনি বলেন, সরকার বর্তমানে ছয় লাখ প্রতিবন্ধীকে মাসিক ৫০০ টাকা হারে ভাতা দিচ্ছে। একইসঙ্গে ৬০ হাজার প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীকে শিক্ষা উপ-বৃত্তি দেওয়া হচ্ছে। প্রতিবন্ধীদের মাসিক ভাতার পরিমাণ আরো বাড়ানো হবে।
 
প্রতিবন্ধীদের আরও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ী সম্প্রদায়, বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট সেক্টর, বেসরকারি প্রতিষ্ঠান তাদেরকেও আমরা আহ্বান জানাব যে, তারাও যেন প্রতিবন্ধীদের চাকরি দেন, কাজ দেন, তাদের যেন সুযোগ দেন। তাদের মেধা যেন কাজে লাগে সে উদ্যোগ যেন তারা নেন।
 
শেখ হাসিনা জানান, তিনি নববর্ষ বা ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য যে কার্ড ছাপান সেখানে সেটা প্রতিবন্ধীদের আঁঁকা ছবি দিয়ে তৈরি করা হয়।
 
এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য ‘একীভূতকরণ: সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’।
 
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের চিকিত্সায় মোবাইল থেরাপি ভ্যান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিবন্ধীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করেন।