খুনই করেছেন পিস্টোরিয়াস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৭:০৩
দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস তার প্রেমিকাকে ইচ্ছে করে গুলি করে হত্যা করেননি বলে রায় দিয়েছিল দেশটির একটি নিম্ন আদালত। তবে দেশটির সুপ্রিম কোর্ট সেই রায় বাতিল করে দিয়ে বলেছে ইচ্ছে করেই তার প্রেমিকাকে হত্যা করেছেন।
 
ফেব্রুয়ারি ২০১৩-তে ব্লেড রানার বলে খ্যাত অস্কার বন্ধ দরজা দিয়ে তার প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে চারবার গুলি করে হত্যা করেন। সেটি ইচ্ছাকৃত হত্যা ছিল না বলেই পিস্টোরিয়াসের পক্ষ থেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত আদালতও রায় দেয়, পিস্টোরিয়াস ইচ্ছাকৃতভাবে বান্ধবীকে হত্যা করেননি। য​দিও রায়ে পাঁচ বছরের জেলের সাজাই হয়েছিল তাঁর। পরে প্যারোলে মুক্তি পেয়ে নিজের বাড়িতে ফেরার সুযোগও পান।
 
মামলার বাদী রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে যায়। সেই আপিল শুনানির ধারাবাহিকতায় আপিল বিভাগ আজ রায় দিলেন, পিস্টোরিয়াস আইনের পরিভাষায় ‘খুন’ই করেছেন। এই অপরাধকে ‘অনিচ্ছাকৃত হত্যা’ বলে লঘু দৃষ্টিতে দেখার সুযোগ সামান্য। রায়ে বিচারপতি লরিমার রিচ আরও বলেছেন, নিম্ন আদালত পিস্টোরিয়াসের বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারাগুলোর সঠিক প্রয়োগ ঘটাতে পারেননি।
 
IMG0
 
বিচারক রিচ বলেন, নিম্ন আদালতের ভেবে দেখা উচিত ছিল, পিস্টোরিয়াস গুলি চালানোর সময় খুব ভালোভাবেই জানতেন এর ফলে তাঁর বান্ধবীর মৃত্যু ঘটতে পারে। উচ্চ ক্ষমতার একটি অস্ত্র হাতে নিয়ে পিস্টোরিয়াসের উচিত ছিল সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা।দেড় বছর জেলে থাকার পরে তিনি এখন গৃহবন্দী আছেন। পিস্টোরিয়াসকে এখন আদালতে নতুন করে বিচারের সম্মুখীন হতে হবে।
 
দক্ষিণ আফ্রিকায় হত্যাকাণ্ডের ন্যুনতম শাস্তি ১৫ বছর। আর পিস্টোরিয়াস এর আগে দেওয়া রায়ে পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছিলেন যার দেড় বছর ইতোমধ্যে পার করে ফেলেছেন। দেশটির আইনানুযায়ী কেউ পাঁচ বছরের বেশি গৃহবন্দী থাকতে পারে না। নতুন করে এই রায় হওয়ার পরে তাই পিস্টোরিয়াসকে আবার কারাগারে ফেরত যেতে হবে। বিবিসি।