আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা ইসিতে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৭:০৮
 
আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে মনোনীতদের তালিকা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটার দিকে ইসির যুগ্মসচিব জেসমিন টুলীর কাছে ২৩৬ পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর তালিকা জমা দেন।
 
পরে আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের বলেন, ‘২৩৬ পৌরসভায় ৩০ ডিসেম্বর ভোট হওয়ার তফসিল ছিল। আদালতের আদেশে অন্তত তিনটি স্থগিত থাকতে পারে। এরপরও আমরা ইসির ঘোষিত তফসিল অনুযায়ী দল মনোনীত ২৩৬ জন মেয়র প্রার্থীর তালিকা নির্বাচন কমিশনে দিয়ে গেলাম। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।’
 
রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার সময় দল মনোনীত ব্যক্তিদের দলীয় প্রত্যয়নপত্র দেওয়ার বিধান রয়েছে। দলীয় প্রার্থীদের তালিকা ইসিতে দেয়ার বাধ্যবাধকতা না থাকলেও আনুষ্ঠানিকভাবে তা জমা দিল ক্ষমতাসীন দলটি।
 

ইসির যুগ্মসচিব জেসমীন টুলী বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। কোনো দল ইসিতে এ তালিকা দিলে তা হবে কনফার্ম করার মতো একটি বিষয়।’