ভারতে শিশুদের ভারী স্কুলব্যাগ প্রতিরোধে পদক্ষেপ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৮:০৪
ভারতের মহারাষ্ট্রে শিশুদের স্কুলব্যাগ নির্ধারিত ওজনের চেয়ে বেশি ভারী কিনা, তা দেখতে মাঠে নামছেন রাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হিন্দুস্তান টাইসনের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
 
জুলাইয়ে রাজ্য সরকারের এক ঘোষণায় বলা হয়, একটি স্কুলব্যাগের ওজন একটি শিশুর শরীরের ওজনের ১০ শতাংশের বেশি হতে পারবে না। ঘোষণায় স্কুল শিক্ষার্থীদের ব্যাগ হালকা রাখার কৌশল হিসেবে স্কুলগুলোর জন্য ৪৪টি সুপারিশ দিয়ে দেওয়া হয়।  
 
কর্মকর্তারা জানিয়েছেন, ভারী স্কুলব্যাগ বহনে শিশু শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়ে এবং শিশুদের মেরুদণ্ড ও অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের আদেশ জারি করা হয়েছিল।
 
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর নির্দেশনা কতটুকু পালন করা হয়েছে তা দেখতে সরেজমিনে মাঠে নামছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আসছে সপ্তাহজুড়েই শিশুদের ব্যাগের ওজন পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন তারা।  প্রাথমিক শিক্ষা বিভাগের পরিচালক মহাবীর মানে বলেন, শিক্ষার্থীদের স্কুলব্যাগ মেপে দেখার জন্য আমাদের টিমগুলো সপ্তাহে তিন থেকে চারদিন স্কুলগুলো পরিদর্শনে যাবে।
 
কোনো স্কুল নির্দেশনা মানতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শিক্ষার্থীদের যেন কম ওজন বহন করতে হয় তাই অনেকগুলো স্কুলকে লকার তৈরি ও নিরাপদ পানির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য স্কুলগুলোকে কয়েকজনে মিলে একটি টেক্সট বই ব্যবহার করতে ও প্রতিদিন যেন কম বই দরকার হয় সেজন্য রুটিন ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেসব স্কুল ইতোমধ্যেই অনুকূল পদক্ষেপ নিয়েছে তাদের স্বীকৃতি দিয়ে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পরিচালক মানে। বিবিসি।