আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) চলতি সপ্তাহে মালয়েশিয়ার সংসদে প্রস্তাবিত একটি নিরাপত্তা বিলের কঠোর সমালোচনা করেছে। বিলটিকে তারা ‘নিপীড়নের হাতিয়ার’ হিসেবে আখ্যায়িত করেছে।
বিলটি পাশ হলে দেশটির কোনো স্থানকে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা এবং কোনো পরোয়ানা ছাড়াই গ্রেফতার ও তল্লাশি অভিযান চালানোর ক্ষেত্রে দেশটির কর্তৃপক্ষ সীমাহীন ক্ষমতার অধিকারী হবে। এতে করে দেশটির নাগরিকদের ওপর নির্মম নিপীড়নের খড়গ নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।
ইতোমধ্যেই অবশ্য মালয়েশিয়াতে বহুদিন ধরে বিরোধীদলীয় রাজনীতিবিদ এবং সরকারের সমালোচনাকারীদের উপর দমন-পীড়ন চলে আসছিল।
হিউম্যান রাইটস ওয়াচও উল্লেখ করেছে যে, মালয়েশিয়ায় ইতোমধ্যেই ‘অবিশ্বাস্য নিপীড়নমূলক অসংখ্য আইন রয়েছে’। দেশটির ক্ষমতাসীন নাজিব সরকার ওই আইনগুলো ব্যবহার করে বিরোধীদের উপর দমন-পীড়ন চালাচ্ছেন।
প্রধানমন্ত্রী নাজিব অবশ্য নতুন নিরাপত্তা বিলের পক্ষে সাফাই গেয়ে সহিংস চরমপন্থা মোকাবেলায় বিলটি জরুরি ছিল বলে মন্তব্য করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিরাপত্তা আইনের সঙ্গে মালয়েশিয়ার নিরাপত্তা আইনের সঙ্গতি বিধানের জন্যও বিলটি দরকার ছিল বলে উল্লেখ করেছেন তিনি। সূত্র: বিবিসি
