চলচ্চিত্র সংসদের ভূমিকা ও করণীয় নিয়ে সেমিনার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ২২:৫২
‘বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার প্রসারে চলচ্চিত্র সংসদের ভূমিকা ও করণীয়’ শিরোনামে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল একটি সেমিনার আয়োজন করেছে।
 
শনিবার বিকেলে সাড়ে পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল এই সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল বিষয়ের ভাবনা উপস্থাপনা করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন।
 
এতে বিশেষ অতিথি হিসেবে অগ্রজ চলচ্চিত্রকার ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের প্রাক্তন সভাপতি সৈয়দ হাসান ইমাম, সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং মোরশেদুল ইসলাম উপস্থিত থাকবেন। এছাড়াও সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ’র অন্তর্ভুক্ত দেশের ২৫ টি চলচ্চিত্র সংসদ এবং সংসদের নির্বাচিত প্রতিনিধিরা। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি।