রানী মুখার্জি হাসপাতালে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ০৯:১১
আর মাত্র দু’মাস পর মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। তাই আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। শতভাগ নিরাপদে যেন সন্তান প্রসব করতে পারেন, সেজন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
চিকিৎসকরা জানিয়েছেন, তেমন কোনো শারীরিক জটিলতা নেই। তবুও বাড়িতে থাকতে চাইছেন না সন্তানসম্ভবা রানী। কী এমন হল যে, বাড়ির থেকে হাসপাতালই বেশি ভালো লাগছে রানীর? শোনা যাচ্ছে, নতুন অতিথির জন্য নাকি নতুন সাজে সেজে উঠছে চোপড়া বাড়ি। তাই ধুলা-ময়লার মধ্যে আর ঝুট ঝামেলা পোহাতে চাইছেন না রানী। মুম্বাইয়ের খার এলাকার হিন্দুজা হাসপাতালেই তাই আপাতত থাকছেন তিনি। 
 
এ প্রসঙ্গে রানী বলেন, 'জীবনে প্রথম মা হওয়ার সময় সব নারীরাই একটু বেশি সচেতন থাকেন। আমিও এর ব্যতিক্রম নই। কোনো রকম সমস্যা ছাড়াই আমার সন্তান পৃথিবীতে আসুক- এমনটাই প্রত্যাশা করছি। আমার অনাগত সন্তানের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করছি।'
 
উল্লেখ্য, দিওয়ালি পার্টির ধকল সহ্য না করতে পেরে ক'দিন আগেও একবার রানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।