দীর্ঘদিন ধরেই কোহিনুর হীরের মুকুট ব্রিটেন থেকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছিলো ভারত। এবার কোহিনুরের মালিকানা দাবি করে বসল পাকিস্তানও। যদিও দাবি তাদের ধোঁয়াশায় ঢাকা। এ ব্যাপারে পাকিস্তানের এক আদালতে একটি পিটিশনও দায়ের করা হয়েছে।
লাহোর হাইকোর্টে জনৈক আইনজীবী দাবি জানিয়েছেন, ১০৫ ক্যারেটের হীরাটি মহারাজা রণজিত সিংয়ের নাতি দলীপ সিংয়ের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন ব্রিটিশরা। কোহিনুর পাঞ্জাব প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই এটিকে পাকিস্তানে ফিরিয়ে আনার জন্য আদালত নির্দেশ দিক পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে। তবে হীরাটি আদৌ ফিরলেও তা কেন পাকিস্তানে যাবে তা নিয়ে কিছুই বলা হয়নি আবেদনে।
প্রসঙ্গত, মধ্যযুগে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কোল্লুর খনি থেকে পাওয়া গিয়েছিলো এই হীরে। আদতে তা ছিল কাকাটিয়া সাম্রাজ্যের সম্পত্তি। একটি মন্দিরে দেবীর চোখ হিসেবে রাখা ছিলো। পরে বিভিন্ন হাত ঘুরে তা ব্রিটিশদের হাতে যায়। ১৯৫৩ সালে অভিষেকের সময় থেকে এখনও শোভা পাচ্ছে রানী এলিজাবেথের মুকুটে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
