সমীরের সঙ্গীতে ডলারের সুরে গাইলেন মমতাজ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ১৮:১২

এসকে সমীরের সঙ্গীতে ফিরোজ কবির ডলারের সুরে গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। বুধবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের একটি স্টুডিওতে ‘কেনো এতো মায়া লাগে বলনা আমায়/কেনো এতো ভালোবাসি বলনা আমায়’ কথায় গানটিতে কণ্ঠ দিলেন তিনি। গানটি লিখেছেন ফিরোজ কবির ডলার ও গোলাম মোস্তফা শিমুল।

গোলাম মোস্তফা শিমুলের ‘কারণ তোমায় ভালোবাসি’ চলচ্চিত্রের জন্য কণ্ঠ দেয়া এই গান প্রসঙ্গে মমতাজ বলেন, ‘নানা ব্যস্ততার কারণে কয়েকবার দিন-তারিখ পরিবর্তন করতে হয়েছে। অবশেষে গানটিতে কণ্ঠ দিলাম। চলচ্চিত্রে বিভিন্ন ধরনের গানই তো গাইতে হয়। এই গানটির কথা ও সুর আমার কাছে একটু ভিন্ন রকমের মনে হয়েছে। তাই গানটি গেয়েও অনেক ভালো লেগেছে।’

এ নিয়ে এসকে সমীর বলেন, ‘এই প্রথম আমার সঙ্গীতে গাইলেন মমতাজ আপা। গানটিতে অসাধারণ ভয়েস দিয়েছেন তিনি। আশা করি শ্রোতারা নতুন কিছু পাবেন।’
IMG0
চলচ্চিত্রটির অন্যান্য গানগুলো লিখেছেন ফিরোজ কবির ডলার ও গোলাম মোস্তফা শিমুল। প্রতিটি গানের সুর করেছেন ফিরোজ কবির ডলার এবং সবকটি গানের সঙ্গীত পরিচালনা করেছেন এসকে সমীর। সিনেমার অন্যন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও হাসান আবিদুর রেজা জুয়েল ও বেলাল খান।