২০১১ সালের ১৬ নভেম্বর সনি মিউজিক প্রকাশিত গান 'কোলাভেরি ডি'। অনলাইনে ভাইরাল হয়ে যায় তামিল সিনেমা 'থ্রি'র এই গানটি। সেই গানটি এবার গড়েছে নতুন রেকর্ড। ১০ কোটিবার দেখা হয়েছে গানটি ইউটিউবে।
রসিকতামূলক কথা আর সুরের কারণে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে যায় গানটি। তামিল অভিনেতা ধানুশের গাওয়া ভিন্ন ধাঁচের সব ভাষার মানুষের মনেই জায়গা করে নিয়েছিল।
আঠারো বছর বয়সী অনিরূদ্ধ রবিচন্দ্রের সুর করা গানটি মূলত 'থ্রি' সিনেমার জন্য রেকর্ড করা হলেও, সিনেমায় মুক্তি পাওয়ার অনেক আগেই ইউটিউবে প্রকাশিত হয়। সিনেমাটি পরিচালনা করেন ধানুশের স্ত্রী ও তামিল মহাতারকা রজনিকান্তের মেয়ে ঐশ্বরিয়া। সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান।
'কোলাভেরি' তামিল ভাষায় প্রচলিত একটি গালি। সাধারণত খুব উত্তেজিত কাউকে থামিয়ে দিতে এ শব্দটি ব্যবহার করা হয়।
