বাংলাদেশি জাহাজে নজরদারি করতে চায় ভারত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ২০:৩০
 
বাংলাদেশ থেকে ছেড়ে আসা কার্গো জাহাজের গতিবিধির ওপর নজরদারির বিষয়ে গুরুত্ব দিয়েছেন ভারতের নৌবাহিনীর নেভাল অফিসার ইনচার্জ (পশ্চিমবঙ্গ) কমোডোর রবি আহলুওয়ালিয়া। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম 'দ্য হিন্দু'।
 
আরেকটি মুম্বাই হামলা (২৬/১১ হামলা) প্রতিরোধের জন্য বাংলাদেশি জাহাজগুলোর ওপর নজরদারির ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন ভারতীয় এ নৌ কর্মকর্তা। আহলুওয়ালিয়া বলেন, মুম্বাই হামলার মতো ঘটনা ঠেকাতে কড়া নজরদারি কাঠামো প্রয়োজন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, একটি সাম্প্রতিক চুক্তি অনুযায়ী, রিভার সি ভেসেল (আরএসভি) ক্যাটাগরির জাহাজ বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করে। ওই জাহাজে ট্রান্সপোন্ডার থাকে না।
 
বাংলাদেশি এসব জাহাজে এ ধরণের নজরদারিমূলক ব্যবস্থা রাখা হবে বলে তিনি আশাবাদী কিনা- এমন প্রশ্নের জবাবে আহলুওয়ালিয়া বলেন, নৌ স্বার্থ সুরক্ষার জন্য এ ব্যবস্থা থাকতে হবে। তিনি বলেন, ট্রান্সপোন্ডার স্থাপন করাটা প্রয়োজনীয় একটি বিষয়। এ দাবি মেনেও নেয়া হয়েছে, এটি অবশ্যই ঘটবে। নৌ স্বার্থ সুরক্ষার জন্য জাহাজে ট্রান্সপোন্ডার থাকতেই হবে। অন্যথায় আপনি মুম্বাই হামলার মত আরেকটি হামলা প্রত্যক্ষ করবেন আবারো।