বায়ু দূষণ কমাতে অভিনব ট্রাফিক আইন দিল্লি সরকারের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ২০:৫৬
ভারতের রাজধানী নয়া দিল্লিতে পরিবেশ দূষণের কারণে চলমান বিতর্কের উত্তাপের মধ্যে দূষণ ঠেকানোর এক অভিনব উপায় বের করেছে দিল্লি সরকার। দূষণ প্রতিরোধে কার্যকর পরিকল্পনার অভাবে দিল্লির আম আদমি (অরবিন্দ কেজরিওয়ালের) সরকার ঘোষণা দিয়েছে, ব্যক্তিগত মালিকানাধীন যানবাহন এখন থেকে আর প্রতিদিন ইচ্ছে মতো সড়কে নামতে বা চলাচল করতে পারবে না।
 
এ নিয়মের ফলে জোড় ও বিজোড় সংখ্যার নিবন্ধন নম্বরধারী গাড়ি সারা সপ্তাহ ধরে ভারতের রাজধানী দিল্লির সড়কে চলাচলের অনুমতি পাবে না। বিকল্প ব্যবস্থায় দিন পালটে একদিন জোড় সংখ্যার নিবন্ধন নম্বরধারী গাড়ি সড়কে নামলে পরদিন নামতে পারবে কেবলমাত্র বিজোড় সংখ্যার নিবন্ধন নম্বরধারী গাড়িগুলো।
 
সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যাটি যদি জোড় হয়, সেটি একদিন চলবে। আর শেষ সংখ্যাটি বিজোড় হলে তা অন্যদিন চলবে। তবে দিল্লি সরকারের এই সিদ্ধান্তের আওতায় সরকারি বাহন, বাস, ট্যাক্সি, অটো এবং মালবাহী যানবাহন থাকবে না।
 
নতুন এই নিয়ম কার্যকর করা হবে নতুন বছরের প্রথম দিন থেকে, জানিয়েছে এনডিটিভি। ১ জানুয়ারি ২০১৬ জোড় না বিজোড়- কোন সংখ্যার গাড়ি চলবে, তা পরে সরকারি ঘোষণায় জানানো হবে।
 
বেশ বিতর্কিত বলে মনে হলেও এ পদক্ষেপে দূষণের মাত্রা প্রায় অর্ধেকে নেমে আসবে বলে আশা করছে দিল্লির রাজ্য সরকার।
 
দিল্লির উচ্চ আদালত ‘দিল্লিতে বসবাসে একটি গ্যাস চেম্বারে বসবাসের অনুভূতি হচ্ছে’ বলে ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবার এক জরুরি বৈঠকের পর এ ঘোষণা দিল সরকার। বৃহস্পতিবার দূষণ রোধে দিল্লি হাইকোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) রাজ্য সরকারকে ২১ ডিসেম্বরের মধ্যে একটা কার্যকর সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ দেওয়ার সময় বিচারপতি বলেছিলেন, গোটা দিল্লিই একটা বিষাক্ত গ্যাস চেম্বার হয়ে গেছে।
 
 
দূষণের মাত্রায় দিল্লি পৃথিবীতে একেবারে প্রথম সারিতে। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে মোট যত গাড়ি চলে, শুধু দিল্লিতে নথিভুক্ত গাড়ির সংখ্যা তার চেয়ে বেশি। অবশ্য, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে সে বিষয়ে ইতোমধ্যেই সংশয় দেখা দিয়েছে। কারণ, দিল্লির পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীন। এছাড়া এই ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে যাত্রীবাহী সরকারি যান যে সংখ্যায় চালানো প্রয়োজন, দিল্লিতে তা নেই। ফলে, দূষণ কমলেও সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে কি না সেই প্রশ্নও উঠছে।
 
দিল্লিতে ইতোমধ্যেই ৯০ লাখ যানবাহন চলাচল করে। যার ২৭ লাখই প্রাইভেট কার। আর দিল্লির রাস্তায় প্রতিদিন দেড় হাজার নতুন যানবাহন নামছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দিল্লির বাতাস স্বাভাবিকের চেয়ে ১১গুন দূষিত।