সন্ত্রাসী হামলার জেরে ফ্রান্সে বন্ধ হচ্ছে ১৬০ মসজিদ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৫, ২১:৩১
ইরাক ও সিরিয়া ভিত্তক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর প্যারিস হামলার জেরে ফ্রান্সে ১৬০টি মসজিদ অনির্ধারিত কালের জন্য বন্ধ হতে চলেছে। ইতোমধ্যে তিনটি মসজিদ বন্ধও করে দিয়েছে দেশটির সরকার। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজনভ জানিয়েছেন, ধর্মের নামে মসজিদগুলোয় মৌলবাদের পাঠ দেওয়া হচ্ছে। যে কারণেই এই সিদ্ধান্ত।
 
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গত দু-সপ্তাহে ফ্রান্সের তিনটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। জরুরি অবস্থার আওতায় বাকি মসজিদগুলোও শিগগিরই বন্ধ করে দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন মন্ত্রী।
 
তাঁর দাবি, ফ্রান্সের যে তিনটি মসজিদ ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে জেহাদি প্রচারপত্র পেয়েছে পুলিশ। কিন্তু, বাকি মসজিদগুলো কী দোষ করল? মন্ত্রীর কথা অনুযায়ী, তাঁদের কাছে তথ্য রয়েছে কোনোরকম বৈধ অনুমতি ছাড়া ১০০ থেকে ১৬০টি মসজিদ খোলা হয়েছে। সেগুলো বন্ধ করে দেওয়া হবে।
 
গত ১৩ নভেম্বর প্যারিস হামলার পর, প্রথম পর্যায়ে ১২দিন জরুরি অবস্থা জারি থাকলেও, পরে তার মেয়াদ বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এরপর জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে ছয় মাস করার জন্য ফ্রান্সের সংবিধান পরিবর্তনের পরিকল্পনা করছেন দেশটির সরকার। সূত্র: আল জাজিরা