ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার হওয়া চালকের সহকারী মামুনকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামুনের বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাতে দারুস সালাম থানার পুলিশ মানিকগঞ্জের হরিরামপুর থেকে মামুনকে আটক করে।
জানা যায়, মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে বাসের চালকের সহকারী মামুনের কাছে যৌন হয়রানির শিকার হয় ছাত্রীটি। এই বিষয়ে রাজধানীর দারুস সালাম থানায় শুক্রবার বিকালে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে এসআই খাদিজাতুজ সাহেলা জানিয়েছেন।
অভিযোগকারী শিক্ষার্থীর এক বন্ধু জানান, ছুটির দিনে প্রায়ই গ্রামের বাড়ি মানিকগঞ্জে যায় ওই ছাত্রী। শনিবার ক্লাস থাকায় শুক্রবার দুপুরে শুকতারা পরিবহনে করে ঢাকায় ফিরছিলেন। বাসে যাত্রী খুব কম থাকায় তিনি একা একটি আসনে বসেছিলেন। বেলা দেড়টার দিকে বাসটি সিংগাইর উপজেলা পেরোনোর পর চালকের এক সহকারী তার পাশ ঘেঁষে বসেন এবং বিভিন্ন ধরনের কথা বলে গায়ে হাত দেয়ার চেষ্টা করেন।
ছাত্রীটি তার সেই বন্ধুকে জানায়, সামনের দিকের সিটে বসেছিলাম। একবারে পেছনের দিকে মাত্র কয়েকজন যাত্রী ছিল। সিংগাইর পার হওয়ার পর আমার পাশের খালি সিটে মামুন নামের চালকের এক সহকারী বসে গায়ে হাত দেয়ার চেষ্টা করে। পরে অশ্লীল কথা বলে। এর প্রতিবাদ করায় নিপীড়ক 'আজেবাজে কথা’ বলে মধ্যপথেই বাস থেকে নামিয়ে দিতে চায়। এ সময় অন্য কয়েকজন যাত্রী এগিয়ে আসায় তা পারেনি। এরপর গাবতলী নেমে থানায় এসে অভিযোগ করেন সেই ছাত্রী।
