উস্কানিদাতাদের বিষয়ে তথ্য সংগ্রহ হচ্ছে: আইজিপি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৪:৫১
 
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, কৌশলে যারা জঙ্গিবাদকে উসকে দেয় তাদের ব্যাপারে তথ্য সংগ্রহের নির্দেশনা রয়েছে। শনিবার পুলিশ সদরদফতরে আলেম-ওলামাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন।
 
শহীদুল হক বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, তরুণ যুবকদের ভুল পথে পরিচালিত করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে হত্যা করলে বেহেশতে যাওয়া যাবে। ইসলাম শান্তির ধর্ম, এখানে হত্যার কোন জায়গা নেই। কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে যারা দেশ ও ইসলামের নিরাপত্তারা জন্য হুমকি, তাদের বিরুদ্ধে সমন্বিতভাবে জনমত তৈরি করতে হবে।
 
ওলামাদের উদ্দেশে তিনি বলেন, ২১ জন জঙ্গির ফাঁসির আদেশ হয়ে আছে। অতি দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হোক সেটা আমরা প্রত্যাশা করছি। ধর্মের নামে যারা অপপ্রচার করে তাদের কাউন্টার দেবেন। সত্যিকার ইসলামের দর্শন প্রচার করতে হব।
 
IMG0
 
অনুষ্ঠানে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করতে আইজিপির প্রতি অনুরোধ জানান ওলামারা। এ প্রসঙ্গে শহীদুল হক বলেন, পিস টিভি বন্ধের ব্যাপারে বলেছেন, সেখানে ইসলাম বিরোধী প্রচারণা হচ্ছে, জঙ্গিবাদকে উসকে দেয়া হচ্ছে। প্রকৃত ইসলামের সঙ্গে কনফ্লিক্ট তৈরি করে এমন কোন সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা তথ্যমন্ত্রী ও পুলিশকে জানান। বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা হবে।
 
‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক ঐ আলোচনা সভায় ‘ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ: পুলিশ ও ওলামা মাশায়েকদের করণীয়’ নিয়ে আলোচনা হয়।