বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোকে ভূমিকা পালন করতে হবে। জনগণের মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার লড়াইয়ে সম্পৃক্ত হতে হবে।
শনিবার নগরীর শহীদ হাদিস পার্কে বেসরকারি সংস্থা নবলোকের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানের বৈশ্বিক উষ্ণতার হার বজায় থাকলে আগামীতে দেশের এক- তৃতীয়াংশ এলাকা ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, পরিবেশ রক্ষায় স্থানীয় এনজিওগুলোকে জনগণকে সচেতন করতে দায়িত্ব পালন এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানে তাদের সংগঠিত করতে হবে। কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন নয়, এনজিওকে পরস্পরের সহযোগী হিসেবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে নবলোকের চেয়ারপারসন অ্যাডভোকেট আবদুল্লাহ হোসেন বাচ্চু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হাফিজুর রহমান ভূঁইয়া এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু। স্বাগত বক্তৃতা রাখেন নবোলোকের নির্বাহী প্রধান কাজী ওয়াহিদুজ্জামান।
