'ভারতে পরমাণু হামলার প্রস্তুতি নিয়েছিল পাকিস্তান'

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৭:০৬
 
পাকিস্তান ভারতে পরমাণু হামলার পরিকল্পনা নিয়েছিল বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার সদ্য প্রকাশিত নিবন্ধে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে এ হামলা চালাতে মরিয়া হয়ে উঠেছিল পাকিস্তান।
 
হোয়াইট হা‌উসের জাতীয় নিরাপত্তা পরিষদের তত্কালীন সদস্য তথা সিআইএ’র বিশ্লেষক ব্রুস রিডেল তার নিবন্ধে এদাবি করেন। ১৯৯৯ সালে কার্গিলের উঁচু পাহাড়ে ঘাঁটি গেড়ে কাশ্মীর উপত্যকায় পাকিস্তান হামলা শুরু করে। অটল বিহারী বাজপেয়ীর সরকার তখন আন্তর্জাতিক হস্তক্ষেপের মুখাপেক্ষী হয়নি। পাহাড়ের আড়াল থেকে হামলা চালাতে থাকা পাকিস্তানি সেনাদের মোকাবিলা করতে গিয়ে শুরুতে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও, ভারতীয় সেনারা পরে গুঁড়িয়ে দেয় তাদের বাঙ্কারগুলো।
 
কার্গিল, দ্রাস, বাটালিক যখন দখলমুক্ত, তখন পাকিস্তান আশঙ্কা করেছিল, ভারতীয় বাহিনী এবার ঢুকে পড়বে পাকিস্তানের ভিতরে। এমন অবস্থা থেকেই পাকিস্তান পরিস্থিতি মোকাবিলায় পরমাণু হামলার দিকে যাচ্ছিল বলে ওই নিবন্ধে দাবি করা হয়। সেসময় নওয়াজ শরিফ ছুটে গিয়েছিলেন তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কাছে। তিনি তখন যুদ্ধ থামাতে ভারতের উপর চাপ দেয়ার অনুরোধ জানান। কিন্তু ততক্ষণে সিআইএ’র চূড়ান্ত গোপনীয় নোট পৌঁছে যায় ক্লিনটনের ওভাল অফিসে। তাতে লেখা ছিল, পাকিস্তান পরমাণু অস্ত্র নিয়ে আঘাত হানার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর ফল মারাত্মক হতে পারে।
 
তৎকালীন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্যান্ডি বার্গার পাকিস্তানের পাশে না দাঁড়াতে ক্লিনটনকে পরামর্শ দেন। ক্লিনটন ভারত-পাক সমঝোতার পক্ষে থাকলেও, বার্গার নাকি বলেছিলেন, পাকিস্তান এই যুদ্ধ শুরু করেছে। তাই কোনও শর্ত ছাড়া আগে তাদেরই মাথা নোয়াতে হবে। সেনা প্রত্যাহার করতে হবে। তার আগে  যুদ্ধবিরতির জন্য ভারতকে চাপ দেবে না আমেরিকা।
 
বার্গারের পরামর্শ মেনে ক্লিনটন নওয়াজ শরীফকে সেই বার্তাই দেন। দেশে ফিরে পরমাণু হামলার সিদ্ধান্ত থেকে পিছু হঠে সেনা প্রত্যাহারের নির্দেশ দিতে বাধ্য হন নওয়াজ। এমনই দাবি রিডেলের। সূত্র: আনন্দবাজার পত্রিকা