জন্মদিনে আসছে সালমানের জীবনী 'বিইং সালমান'

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৭:৩৪
 
আগামী ২৭ ডিসেম্বর সালমান খানের ৫০তম জন্মদিন। আর সে দিনই প্রকাশ হবে তার জীবনী 'বিইং সালমান'। জানা গেছে, সালমানের ব্যক্তিগত জীবন ও বংশ পরিচয়ের কথা রয়েছে ওই বইতে। জীবনীটি লিখেছেন দিল্লির সাংবাদিক জসিম খান।
 
প্রকাশক সংস্থার দাবি, এটিই সালমানের প্রথম বায়োগ্রাফি। তার জীবনের বহু না জানা তথ্য রয়েছে এই বইয়ে। ১৯৮৮ সালে ক্যারিয়ার শুরু করেন সালমান খান। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
 
সালমানের ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডির কথাও রয়েছে এই বইয়ে। তার গাড়ির নিচে চাপা পড়ার ঘটনায় হত্যা মামলা বা কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় প্রকাশ্যে কাটাছেঁড়া হয়েছে তার ব্যক্তিগত জীবন। সে কথাও লিখেছেন জসিম। সব মিলিয়ে এই বইতে পাঠকরা এক অজানা সালমান খানের পরিচয় পাবেন বলেই মনে করেন লেখক এবং প্রকাশক।