ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন একাত্মতা প্রকাশ করেছেন।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ রেল স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাগরিক কমিটির নেতারা জানান, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে। এ সময় চলতি ডিসেম্বর মাসের মধ্যে এ রুটে ডাবল লাইনের কাজ শুরু না হলে সহযোগী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে ও কার্যকারী সদস্য সুজিত সরকারের সঞ্চালনায় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমন্বয়ক নিখিল দাস, কৃষক শ্রমিক জনতা লীগের নারায়ণগঞ্জের সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাদের অভিযোগ, ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনকে ডাবল লাইনে উন্নীত করার জন্য সরকার ৩৭১ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। সে অনুযায়ী কাজও শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এর নেপথ্যে রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাসের মালিক এবং রেলের কিছু অসাধু কর্মকর্তা।
এ সময় বক্তারা ডাবল লাইনের কাজ শুরু করাসহ বর্তমান বগিগুলোতে পর্যাপ্ত লাইট, টয়লেট এবং শীততাপ নিয়ন্ত্রিত বগি সংযোজনের আহ্বান জানান।
