জঙ্গি হামলার শঙ্কায় ভারতের রাজধানী

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:১২
 
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও লস্কর-ই-তৈয়বার হামলার মুখে পড়তে পারে ভারতের রাজধানী নয়া দিল্লি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এমনই খবর দিয়েছে গোয়েন্দারা। এ কারণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায়। ড্রোন হামলার আশঙ্কায় দিল্লির আকাশে সন্দেহজনক কিছু উড়তে দেখলেই গুলি করে নামানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সিআইএসএফ এবং বিমানবাহিনীর সাহায্য চেয়েছে দিল্লি পুলিশ।
 
 ‘মেল টুডে’ নামে একটি সংবাদপত্রে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে এই হামলার পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছে। দিল্লির কোনো জনবহুল বা ভিআইপি এলাকায় হামলা হতে পারে বলে গোয়ন্দারা আশঙ্কা করছেন। তাই শহরের ১৫টি এলাকাকে চিহ্নিত করে সেইসব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেভাবে হামলা হয়েছিল, অনেকটা সেভাবেই হামলা চালানোর ছক কষা হচ্ছে বলে গোয়েন্দাদের আশঙ্কা। তবে সাধারণ বিমানের পরিবর্তে ড্রোন নিয়েও হামলা হতে পারে। তাই দিল্লির আকাশসীমায় নজরদারি কঠোর করা হয়েছে।
 
সতর্কবার্তা পেয়েই রাজধানীর সুরক্ষাবলয় নিশ্ছিদ্র করতে মাঠে নেমেছে দিল্লি পুলিশ। তবে বড় ধরনের হামলা হলে শুধু পুলিশের পক্ষে তার মোকাবিলা সম্ভব হবে না। সেই কথা মাথায় রেখে সিআইএসএফ-এর সাহায্য চাওয়া হয়েছে। আকাশপথে হামলা ঠেকাতে ভারতীয় বিমানবাহিনীর পরামর্শও চেয়েছে দিল্লি পুলিশ। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা