উৎসবমুখর নির্বাচন চায় আওয়ামী লীগ : হানিফ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৩

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন চায় আওয়ামী লীগ।

 

শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এ সব কথা বলেন।

 

মাহবুব উল আলম হানিফ বলেন, জাতি চায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের বিচার হোক। নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের পার পাওয়ার সুযোগ নেই। বিএনপিকে আশ্বস্ত করতে চাই-যাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাদের হয়রানি করার সুযোগ নেই।

 

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে হানিফ বলেন, বিএনপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করছে। এই নির্বাচন কমিশনের অধীনে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন করে তারা জয় লাভ করেছিল। এখন আবার এই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে। তাহলে কি বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন চায়?

 

দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ৭১টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যেই চার-পাঁচটি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর। এর মধ্যে বাকি সবাই প্রত্যাহার করে নেবেন।

 

তিনি বলেন, ‘কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা সকাল থেকেই কাজ করছি। বিভিন্ন পৌরসভার প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সাংগঠনিক সম্পাদকেরাও কাজ করছেন। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা প্রার্থীদের সঙ্গে কথা বলে স্থানীয়ভাবে বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাহার করাবেন।’

 

সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।