সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই রাসমেলায় হামলা : খালিদ মাহমুদ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৬
 
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই একটি গোষ্ঠী দিনাজপুরের কান্তজির মন্দিরের রাসমেলায় হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলার সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। সাহসিকতার সঙ্গে এ পরিস্থিতি মোকাবেলা করতে সেখানকার জনসাধারণকে আহ্বন জানান তিনি।
 
পর্যটন কেন্দ্র দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউর মন্দির প্রাঙ্গণে রাসমেলায় হামলার কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার দুপুরে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতির খোঁজ-খবর নিয়ে সংশ্লিষ্টদের সাহস যোগান খালিদ মাহমুদ। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে সেখানে ঘণ্টাখানেক অবস্থান করেন।
 
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিদেশি হত্যা, ঢাকায় তাজিয়া মিছিলে হামলা ও শিয়া মসজিদে হামলার ধারাবাহিকতায় এ হামলা হয়েছে। সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছেন। এ হামলারও বিচার হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের ট্রাস্টি অমল ভৌমিক, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফার“ক হাসান, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি রমা কান্ত।
 
এর আগে শনিবার সকালে জেলায় বরেন্দ্র বহুমূখী প্রকল্প ভবন ও একটি বাড়ি-একটি খামার প্রকল্পের ভবনের উদ্বোধন করেন। পরে বোচাগঞ্জ উপজেলায় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় ৮৬০ জন জেলেদের মাঝে পরিচয় পত্র বিতরণ করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।