সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স। হামলার জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন শক্ত অবস্থান নেয়ায় দেশটির অনেকেই তার ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। এমনকি তার অফিসিয়ায়ল ফেসবুক পেজটিও বিক্ষুব্ধ নাগরিকদের আক্রমণের মুখে পড়েছিল।
আইএসের দখলে থাকা তেল ক্ষেত্রগুলোকে প্রথম থেকে আক্রমণের নিশানা করেছে রয়্যাল এয়ারফোর্সের বিমানগুলো। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলের ওমার তেলক্ষত্রে প্রথম হামলায় চারটি টর্নেডো যুদ্ধবিমান হামলা চালায়। পরেরবার দুইটি টাইফুন যুদ্ধবিমান এই হামলা পরিচালনা করে।
গত বৃহস্পতিবার সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ছয়টি টর্নেডো যুদ্ধবিমান গিয়ে পৌঁছায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টাইফুন ও অতিরিক্ত দুটি টর্নেডো বিমানবাহিনীর হামলার সক্ষমতাকে অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। গত বছর থেকে ইরাকে আইএসের বিরুদ্ধে হামলা পরিচালনা করছে রয়্যাল এয়ারফোর্স। সূত্র: বিবিসি
