এবার ব্যাটারি চালিত মনুষ্যবাহী প্লেন

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ২৩:৫৭

প্রথমবারের মতো মানববাহী ব্যাটারিচালিত প্লেন উত্পাদন করতে যাচ্ছে চীন। ইতিমধ্যে এই প্লেন উত্পাদনের অনুমতি (লাইসেন্স) দেয়া হয়েছে। দুই সিটের এই বিমানের নকশা করেছে শেনইয়াং অ্যারোস্পেস ইউনিভার্সিটি ও উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের লিয়াওনিং জেনারেল এভিয়েশন একাডেমি। চীনের পিপলস ডেইলি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 
আরএক্স১ই নামের এই প্লেন চলবে রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি দিয়ে। ৯০ মিনিটের চার্জে একটি ব্যাটারিতে প্লেনটি ৪৫ থেকে ৬০ মিনিট উড়তে পারবে। প্লেনটির একেকটি ডানার বিস্তার ১৪ দশমিক ৫ মিটার এবং এটি তিন হাজার মিটার উঁচুতে উড়তে পারবে। বিমানটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। পাইলটদের প্রশিক্ষণের কাজে ব্যবহারের পাশাপাশি বিমানটি পর্যটন দৃশ্য দেখার কাজে ব্যবহার করা যাবে। প্লেনটির মূল নমুনা এ বছরের শুরুতে চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইতে দশম চায়না ইন্টারন্যাশনাল এভিয়েশন এন্ড অ্যারোস্পেস প্রদর্শনীতে দেখানো হয়। আগামী তিন বছরে ১০০টি বিমান উত্পাদন করা সম্ভব হতে পারে বলে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদরা বলছেন।
 
প্রতিটি আরএক্স১ই মডেলের বিমানের দাম পড়বে ১ মিলিয়ন ইউয়ান বা ১ লাখ ৩ হাজার পাউন্ড। সং মিংকাই নামে প্লেনটির এক নকশাকারের মতে, বিমানটি উড়াতে প্রতি ঘণ্টায় খরচ হবে ২০ ইউয়ান। যা বাংলাদেশি টাকায় ২৬০ টাকা। প্লেনটি পরিবেশবান্ধব হওয়ায় এর ব্যবসায়িক সম্ভাবনা অনেক ভালো বলে মনে করছেন প্রস্তুতকারকরা।