১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা এবং গণহত্যার জন্য পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ দু:খ প্রকাশ করেছিলেন। ২০০২ সালে বাংলাদেশ সফরে এসে তিনি এই দু:খ প্রকাশ করেন। এটাই ছিল পাকিস্তানের কোনো সামরিক শাসকের পক্ষ থেকে প্রথম দু:খ প্রকাশের ঘটনা। অথচ এখন পাকিস্তান বলছে, তারা ১৯৭১ সালে বাংলাদেশে কোনো গণহত্যা কিংবা নৃশংসতা চালায়নি। উল্লেখ্য, ২০০২ সালে বাংলাদেশে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় ছিল। ওই বছরের ৩১ জুলাই ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পাকিস্তানের ইসলামাবাদ থেকে প্রতিবেদনটি করেছিলেন ডেভিড ব্লেয়ার।
জেনারেল (অব:) মোশাররফ বাংলাদেশ সফরে এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন। তিনি পরিদর্শন বইয়ে মন্তব্য করেন এবং স্বাক্ষর করেন। পারভেজ মোশাররফ লেখেন, ১৯৭১ সালের ঘটনায় আপনাদের পাকিস্তানি ভাই-বোনেরাও আপনাদের ব্যথায় ব্যথিত। তিনি লেখেন, ওই সময়টা (১৯৭১ সাল) খুবই দুর্ভাগ্যজনক এবং দু:খের। আসুন, মহানুভবতার সঙ্গে আমরা অতীতকে কবর দিই। ভবিষ্যতকে যেন আমরা নিভে যেতে না দিই। এরপর পারভেজ মোশাররফ আবারো ঢাকায় একটি অনুষ্ঠানে ১৯৭১ সালের ঘটনায় দু:খ প্রকাশ করেন।
