নতুন বিজ্ঞাপনে পপি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ০৯:৩৮

বাংলা ছবির জনপ্রিয় নায়িকা পপি ক্যারিয়ারের ১৫টি বছর সফলতার সঙ্গেই পার করেছেন। তিনি এখনও আগের মতোই সরব ও প্রাণোচ্ছল। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপির গত কয়েক বছর ঈদে বড় পর্দায় তাঁর অভিনীত ছবি মুক্তি পায়নি।

তবে রূপ-লাবণ্য এবং অভিনয় গুণে তিনি এখনও অনন্য। বর্তমানে ছোট পর্দার কাজেই বেশ মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী। পপি সম্প্রতি রোমানিয়া কোম্পানির মানসী বিস্কুটের বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি নির্মাণ করবেন মোস্তফা কামাল রাজ।

১১ ডিসেম্বর বিজ্ঞাপনটির চিত্রধারণ করা হবে। এ বিষয়ে সূত্র জানায়, বিএফডিসির ১১ নাম্বর ফ্লোরে বিজ্ঞাপনটির শুটিং করার কথা রয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে নায়িকা পপি এবং নির্মাতার সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ফোন রিসিভ করেননি।

মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন তিনি। পপি বর্তমানে ‘সোনাবন্ধু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়া পলাশ আহমেদের পরিচালনায় ‘অচেনা মানুষ’ নামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পপি অভিনীত সর্বশেষ ছবি ‘দুই বেয়াইয়ের কীর্তি’ গত ২৯ মে মুক্তি পেয়েছে। প্রিয়.কম।