আফ্রিকার প্রথম দেশ হিসেবে উগান্ডার রাজধানী ক্যামপালায় প্রথমবারের মতো উচ্চ গতির ওয়াই ফাই ইন্টারনেট সেবা চালু করেছে সার্চ জায়ান্ট গুগল।
গুগলের উচ্চ গতির ওয়াই ফাই ইন্টারনেট সেবা বিনা মূল্যে দেয়া হবে না। গুগলের দাবি খুবই কম দামে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন উগান্ডার মানুষ।
গুগল জানিয়েছে, একদিনে ব্যবহারকারী যতই ডাটা ব্যবহার করুক না কেন এর দাম পড়বে মাত্র ৩০ সেন্ট। আর উগান্ডার মুদ্রায় এর খরচ পড়বে ১ হাজার শিলিং।
দেশটিতে ইন্টারনেট সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নাগরিকরা গুগলের উচ্চ গতির ওয়াইফাই ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।
আপাতত উগান্ডার রাজধানী ক্যামপালার ১২০টি গুরুত্বপূর্ণ স্থানে গুগলের উচ্চ গতির ওয়াই ফাই ইন্টারনেট সেবা চালু করা হয়েছে।
আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম উগান্ডায় ইন্টারনেট ব্যবহারকারী ৮ দশমিক ৫ মিলিয়ন। যা দেশটির মোট জনসংখ্যার মাত্র ২৩ শতাংশ।
আফ্রিকায় ইন্টারনেটের ব্যবহার বাড়াতে গুগলের নেওয়া প্রেজেক্টের আওতায় আফ্রিকার বিভিন্ন দেশে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। উগান্ডার ৮০০ কিলোমিটার এলাকায় অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে। পাশাপাশি ঘানার তিনটি শহরেও একই ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে। খবর: বিবিসি।
