ভারতের রেলস্টেশনে ফ্রি ওয়াই-ফাই দেবে গুগল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১২:৪০

ভারতের ৪০০ রেল স্টেশনে উচ্চ গতির ওয়াই-ফাই ইন্টারনেট দেবে সার্চ জায়ান্ট গুগল। বিষয়টি নিয়ে এরই মধ্যে ভারতীয় রেলওয়ের টেলিযোগাযোগ বিভাগ রেলটেলের সঙ্গে চুক্তি করেছে টেক জায়ান্টটি।

এ সেবা বিনামূল্যে উপভোগ করতে পারবেন যাত্রীরা। দেশটিতে দৈনিক এক কোটি মানুষ রেলে ভ্রমণ করে থাকেন। ভারতের পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য কাজ করছে গুগল। এ ছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠানটি আফ্রিকায় ইন্টারনেটের ব্যবহার বাড়াতেও কাজ করছে।

শুধু তাই নয়, বিশ্বের দুর্গম ও পাহাড়ি এলাকায় বেলুনের মাধ্যমে ইন্টারনেট দেওয়ার প্রকল্পও রয়েছে গুগলের। এক বিবৃতিতে রেলটেল জানিয়েছে, ভারতজুড়ে দুই ধাপে ৪০০ রেল স্টেশনে উচ্চ গতির ওয়াই-ফাই ইন্টারনেট সেবা দেবে গুগল। আগামী বছর জানুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় শহর ভূবেনশ্বরের রেল স্টেশনে প্রথম ওয়াই-ফাই দেওয়া হবে। ওয়ান ইন্ডিয়া।