ভারত থেকে বাংলাদেশে গরু পাচার বন্ধে বিএসএফের পদক্ষেপের কারণে চোরাইপথে গরু আসার সংখ্যা কমে গেছে। ভারতের শীর্ষস্থানীয় দৈনিক দ্য হিন্দুর হিসেবমতে এই কমে যাওয়ার হার প্রায় ২০ শতাংশ।
দ্য হিন্দু নিজস্ব পরিসংখ্যানে জানিয়েছে এই বছর নভেম্বর পর্যন্ত সুন্দরবন থেকে মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত সীমান্ত দিয়ে নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত ৮১,৪৮৫ টি গরু এসেছে। গত বছরের নভেম্বর পর্যন্ত সংখ্যাটি ছিল ১,০১,৫৭১।
এই সীমান্তে কয়েকদিন আগে সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন যে বিএসএফ অবৈধ পথে গরু পাচার বন্ধ করতে পেরেছে এবং এই জন্য বাংলাদেশে গরুর মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। বিএসএফ এর কর্মকর্তারা জানিয়েছেন, গরু পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতার হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশের দক্ষিণ দিকের সীমান্তে সুন্দরবন থেকে মালদহ পর্যন্ত ৯১৫ কিলোমিটার এলাকা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তত্ত্বাবধান করে। এর মধ্যে ৩৮৫ কিলোমিটার সীমান্তই নদীপথে। দ্য হিন্দু।
