আওয়ামী লীগের বিদ্রোহী দুই মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৬:১০
খুলনার পাইকগাছা ও চালনা পৌরসভার দু’জন মেয়র ও সংরক্ষিত আসনের চারজন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 
 
রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ত্রুটি থাকার কারণে উক্ত মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
 
পাইকগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) মো. হযরত আলী জানান, দলীয় মনোনয়ন অথবা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কোন প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুল হাসান টিপু এবং পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি মনোনীত অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও স্বতন্ত্র অ্যাডভোকেট আব্দুল মজিদ গাজীর প্রার্থীতা বহাল থাকলো।
 
অপরদিকে, দাকোপ উপজেলার চালনা পৌরসভায় কোন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। এখানে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চালনা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনৎ কুমার বিশ্বাস, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ড. অচিন্ত্য কুমার মন্ডল এবং বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপির আহ্বায়ক শেখ আব্দুল মান্নান বহাল রয়েছেন। তবে বাছাইকালে আয়কর রিটার্ন দাখিল না করা এবং তথ্য গোপনের অভিযোগে সংরক্ষিত আসনের চার নারী প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। 
 
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- সংরক্ষিত আসন-১ এর আমোদিনী রায়, আরতি রায় ও সুফলা মন্ডল এবং সংরক্ষিত আসন-৩ এর জামিলা বেগম।