বলিউড বক্স অফিস কাপাচ্ছে 'হেইট স্টোরি : থ্রি'

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৫
 
আবারো বলিউড বক্স অফিস কাপাচ্ছে 'হেইট স্টোরি' চলচ্চিত্র। চলচ্চিত্রটির তৃতীয় সিকুয়্যাল প্রথম দিনে আয় করেছে ১০ কোটি রূপি।
 
১৩ কোটি রুপির বাজেটে নির্মিত 'হেইট স্টোরি থ্রি' খুব শিগগিরই লগ্নির অর্থ তুলে আনবে বলে মনে করছেন নির্মাতারা। সিরিজের সবচেয়ে বেশি উদ্বোধনী আয়ের সিনেমায়ও পরিণত হয়েছে এটি। ২০১৪ সালে মুক্তি পাওয়া 'হেইট স্টোরি টু' প্রথম দিনে আয় করেছিল ৫ কোটি ৪৬ লাখ রুপি।
 
বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ তার এক টুইট বার্তায়  জানান, 'তুলনামূলক কম জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পেয়েছে দারুণভাবেই। শুক্রবারই সিনেমাটি আয় করেছে ৯ কোটি ৭২ লাখ রুপি। সপ্তাহান্তেই সিনেমাটির নির্মাণ ব্যয় উঠে আসবে।'
 
তবে সিরিজের আগের দুটি সিনেমার চেয়ে বেশি প্রেক্ষাগৃহেই মুক্তি পেয়েছে 'হেইট স্টোরি থ্রি'। ভারতে ২ হাজার ৬শ ৯০টি পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। প্রাপ্তবয়স্ক সনদ নিয়ে মুক্তি পাওয়া সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন কারান সিং গ্রোভার, জেরিন খান, শারমান জোশি এবং ডেইজি শাহ। বিডি নিউজ।