সর্বশেষ ১৮তম একক অ্যালবাম প্রকাশ হয়েছিল প্রায় বছর দুয়েক আগে। এরপর আর নতুন কোনো একক অ্যালবামের কাজে হাত দেননি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অনেকের মতোই নিয়মিত অ্যালবাম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তিনিও। যার মূল কারণ অডিও বাজারের অবস্থা। প্রসঙ্গটি নতুন নয়। তাই এখন বিকল্প দিকেই নজর দিতে হচ্ছে শিল্পীদের। মাঝে মাঝে সিনেমা ও মিক্সড অ্যালবামে কণ্ঠ দিলেও মূল ব্যস্ততা স্টেজ শো নিয়েই চলছে আঁখির।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পেশাদার শিল্পীদের জন্য এখন স্টেজ শো শেষ ভরসা। কারণ অডিও বাজারের এখন যা অবস্থা অ্যালবামের ওপর নির্ভরশীলতা অনেক আগেই উঠে গেছে। এখন অনলাইন ও টেলিকম কোম্পানিগুলোর মাধ্যমে একটা নতুন পথ খুলেছে। যদিও সবাই এ বিষয়ে জানে না, তবে অনেকেই আবার পুরোপুরিভাবে বিকল্প মাধ্যমগুলো ব্যবহার করতে পারছে। আমারও দেশ ও দেশের বাইরে স্টেজ শো নিয়েই কাটছে বেশিরভাগ সময়। এর বাইরে মাঝে মধ্যে সিনেমার গানে কণ্ঠ দিচ্ছি।’
আঁখি গত মাসে তিনটি মিক্সড অ্যালবামের পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে একটি অ্যালবাম প্রকাশ হবে ইন্ডিয়াতে। বাকি দুটি অ্যালবামের শিল্পী, সুরকার ও পরিচালক সবাই নতুন। নতুনদের সঙ্গে কাজের প্রসঙ্গে আঁখি বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। সিনিয়ররা নতুনদের সাথে কাজ করলে তারা আরও উত্সাহ পায়।’
