সঙ্গীতশিল্পী থেকে অভিনয়ে এসেছেন দেশি-বিদেশি অনেক তারকা। এবার সেই তালিকায় নাম লেখালেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ। আর তার সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।
ছবির নাম পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু। শফিউল আলম শফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ছবিটির দ্বিতীয় সিক্যুয়াল হিসেবে এই ছবিটি মুক্তি পাচ্ছে শিগগিরই। ছবিটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দুই ভুবনের দুই জনপ্রিয় তারকা। তবে ক্রিকেটকে প্রাধান্য দিয়ে এই ছবিটি নির্মিত বলে একটি বিশেষ চরিত্রে তাদের সঙ্গত উদ্দেশ্যেই রাখা হয়েছে।
উল্লেখ্য, ছবিটি প্রথম পর্বে বেশ কয়েকটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতে। তাই ব্যবসায়িকভাবে সফলতার সূচক না ধরতে পারলেও সম্মাননায় ছবিটি আলোচিত।
এদিকে, নিজের অভিনয় প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ জানান, ‘আমি আমার সপ্রতিভ জায়গা থেকে কাজটি করেছি। আর ছবির বিষয়টি যেহেতু ক্রিকেট, তাই স্বাভাবিকভাবেই এটি আমার দুর্বল জায়গা।’
ছবিটির বিভিন্ন প্রমোশনেও তাদের সিকোয়েন্সগুলো ব্যবহার করা হবে চমক হিসেবে বলে জানান ছবির প্রযোজনা কর্তৃপক্ষ।
ক্রিকেট বোর্ড সংক্রান্ত একটি আপত্তিতে ছবিটি মুক্তিতে বিলম্ব হয়েছে বলে জানা যায়। তবে খুব শিগগিরই সেই জটিলতারও অবসান হবে বলে জানান প্রযোজক। উল্লেখ্য, ছবিটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, মৌসুমী হামিদ ও ইমন।
