রায়ের খসড়া ফাঁসের মামলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে এক বছরের জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার আপিল আবেদনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
এর আগে জজ আদালত ফখরুলের জামিন নাকচ করে দেয়ায় হাইকোর্টে আপিল করেছিলেন তার আইনজীবীরা।
ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন বলেছেন, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই। ফলে তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
অন্যদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান জানান, তারা এর বিরুদ্ধে আপিল করবেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সালাউদ্দিনের পরিবার ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন।
রায় ঘোষণার পরদিন ট্রাইব্যুনালের নিবন্ধক (রেজিস্ট্রার) একেএম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন। পরে ৪ অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান শাহবাগ থানায় আরেকটি মামলা করেন।
২০১৩ সালের ৫ অক্টোবর ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়ন ও সাঁটলিপিকার ফারুক হোসেনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর সেগুন বাগিচায় পাইওনিয়ার রোডের চেম্বার থেকে আইনজীবী ফখরুলকে গ্রেফতার করা হয়।
