থাইল্যান্ডে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলেন ভারত ও পাকিস্তানের প্রতিনিধি দল। গতকাল রবিবার দেশটির রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠককে দুইপক্ষই ‘আন্তরিক’ ও ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছে।
ব্যাংককের ওই বৈঠকে মিলিত হন ভারত ও পাকিস্তানের দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল এবং নাশীর জানজুয়া৷ বৈঠকের পর যৌথ বিবৃতিতে দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, দু'দেশের সম্পর্কে উত্তেজনা কমাতে, শান্তি ফেরাতে, যুদ্ধবিরতি লঙ্ঘন না করা নিয়ে আলোচনা হয়েছে৷ জম্মু ও কাশ্মীর ছাড়াও সন্ত্রাসবাদ এবং প্রকৃত নিয়ন্ত্রণ-রেখার পরিস্থিতি নিয়েও কথা হয়েছে৷ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সামগ্রিকভাবে গঠনমূলক আলোচনা হয়েছে৷ আলোচনার সময় উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব ইজাজ আহমেদ চৌধুরি৷
IMG0
এর আগে জানা গেছিল, প্যারিসে জলবায়ু সম্মেলনে দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নওয়াজ শরিফের মধ্যে সৌজন্যমূলক সাক্ষাৎ ও কয়েক মিনিটের কথা হয়৷ দুই প্রধানমন্ত্রীর কথার কয়েকদিনের মধ্যেই ব্যাংককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হল৷ পরপর এই দু'টি গুরুত্বপূর্ণ বৈঠকের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে মন্ত্রী পর্যায়ের আলোচনার সম্ভাবনা উজ্জ্বল হল৷
এই সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আফগানিস্তান নিয়ে একটি বহুপাক্ষিক বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন৷ আফগানিস্তানে শান্তি ফেরাতে ইসলামাবাদের ওই বৈঠকে যোগ দেবেন পাঁচ দেশের বিদেশমন্ত্রী৷ এই বৈঠকের পাশাপাশি সুষমা স্বরাজের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সরতাজ আজিজের দ্বিপাক্ষিক আলোচনার একটা সম্ভাবনা রয়েছে৷
