বুদ্ধিজীবী হত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহালের আবেদন জানিয়েছে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
আপিলের ওপর যুক্তিতর্কের শুনানিতে অংশ নিয়ে তিনি বলেন, চারটি মানবতা বিরোধী অপরাধের রায়ে নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে বুদ্ধিজীবী হত্যা অন্যতম। শুধু বুদ্ধিজীবী পরিবারের সদস্যরাই নয় দেশের জনগন বুদ্ধিজীবী নিধনের ন্যায়বিচার চায়। আর নিজামীর মৃত্যুদণ্ডের আদেশ বহালের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে পারে।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই শুনানি করে।
অ্যাটর্নি জেনারেল বলেন, হিটলার নিজ হাতে কাউকে খুন করেন নি। তার উদ্দেম্য ছিল একটি জনগোষ্ঠীকে নিধন করা। তেমনি একাত্তুরে আল বদর বাহিনীর উদ্দেশ্য ছিল বুদ্ধিজীবীদের নিধন করা।
তিনি বলেন, নিজামী যখন ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন তখন আল বদর বাহিনীর কার্যক্রম সংগঠিত হয়। জামায়াতে ইসলামীর কর্মীদের দিয়ে এই বাহিনী গঠিত হয়।
