চালকদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি করার নির্দেশ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১৬:০৩
 
সড়ক দুর্ঘটনা রোধে গাড়ির চালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসপি পর্যন্ত করার নির্ধারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাঁচবছর পর এই নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে বলা হয়েছে। এছাড়া মোটরযান অধ্যাদেশ আইনের অপরাধের সাজা ও জরিমানা পরিমাণ বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি শাহেদুল হকের ডিভিশন সোমবার এই রায় দেয়। 
 
রায়ে ঢাকা থেকে জেলা পর্যায়ে সংযোগকৃত মহাসড়কের কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ ও দুর্ঘটনা প্রতিরোধে রাস্তার দুই পাশের স্থাপনা অপসারণে নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে মহাসড়কে ডিভাইডার তৈরি ও পথচারীদের জন্য প্রয়োজনীয় আন্ডারপাস নির্মাণও করতে বলেছে আদালত। এছাড়া মহাসড়কে ১০ মিটারের মধ্যে স্থাপনার বিষয়ে অনুমতি দানের বিধান বাতিল করারও আদেশ দেয়া হয়েছে।
 
২০১১ সালের ৫ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে সরকারদলীয় সংসদ সদস্য মোক্তাদির চৌধুরীর গাড়ি বহর সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ১১ জন মারা যান।  এই ঘটনায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেন হিউম্যান রাইটস ফর পিস বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মঞ্জুর মোরশেদ। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা করে।