অগণতান্ত্রিক ও অসাংবিধানিক জঙ্গিবাদী রাজনীতির পথ পরিহার করে গণতান্ত্রিক রাজনীতির পথে ফিরে আসার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিএনপিকে উদ্দেশ্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পেট্রোলবোমা মেরে দেশের নিরীহ মানুষ হত্যা, হেফাজতের উত্থান, শিয়া-সুন্নী বিভেদ সৃষ্টি করার জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চান।’
জামায়াতকে নিয়ে যাত্রা শুভ হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ না মানলে, যুদ্ধাপরাধীদের বিচারকে সাধুবাদ না জানালে এবং জামায়াতের সঙ্গ ত্যাগ না করলে রাজনীতি করা যাবে না।’
বিদেশে লবিষ্ট নিয়োগ করে কোন লাভ হবে না- বিএনপি সে কথা বুঝতে পেরেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত আর আগের মতো কথায় কথায় হরতাল আহবান করে না।
খবর বাসসের।
