স্বাধীনতার সুযোগ না দিলে অনেক অর্জন ম্লান হবে : মিজানুর রহমান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ২১:৩৯
 
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আমাদের অনেক অর্জন আছে। মানুষকে যদি আমরা স্বাধীনতার সুযোগ করে দিতে না পারি তবে সেই অর্জন ম্লান হয়ে যাবে।
 
সোমবার বিকেলে রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘কনসালটেশন অন সেকেন্ড সাইকেল ইউপিআর রিকমেন্ডেশনস: স্ট্যাটাস অব ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক দুই দিনের অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান এই কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, আমাদের অনেক অর্জন আছে। আমরা বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দিয়ে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করেছি। বিধবাদের, বয়স্কদের, প্রতিবন্ধীদের, মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে। ইউরোপের দেশগুলো যেমন করে শরণার্থীদের সামনে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে, আমরা রোহিঙ্গাদের সামনে তেমন করে দরজা বন্ধ করিনি। তিনি বলেন, এসব অনেক অর্জন ম্লান হয়ে যায় যখন আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ দেখানোর প্রতিশ্রুতি দিয়েও তা বন্ধ করতে পারি না। এ ছাড়া নাগরিক ও রাজনৈতিক অধিকারের ক্ষেত্রেও অনেক সমস্যা রয়েছে। দুই বছর আগে এ ক্ষেত্রে আমরা যতটা অগ্রগতি অর্জনের কথা ভেবেছিলাম তা অর্জন করতে পারিনি।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দেশের জনসংখ্যার একটি প্রধান অংশ শিশু ও নারী। তাদের অধিকার সুরক্ষা করা মানবাধিকার প্রতিষ্ঠার একটি বড় অর্জন। এমডিজি ও এসডিজিতে নারীর অধিকার ও ক্ষমতায়নের বিষয়টি সরকার বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে নারী ও শিশুদের জন্য আলাদা করে বরাদ্দ রাখা হয়েছে। অনেক পুরোনো আইন সংশোধন করে নতুন আইন করা হচ্ছে। মেয়েদের বিয়ের বয়স প্রসঙ্গে তিনি বলেন ১৬ বছর নয়, বিয়ের বয়স ১৮ বছরই করা হবে। এ নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা নিরসন করা হচ্ছে।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াজুল হক, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফশ, সুইডেনের রাষ্ট্রদূত ইউয়ান ফ্রিসেল ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মুস্তাফিজুর রহমান।