আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরেছেন অ্যাশলে দাইবল। সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের পক্ষে যুদ্ধ করেন তিনি।
অস্ট্রেলিয়ায় ফেরার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে। গত সপ্তাহে তাকে জার্মানিতে গ্রেফতার করার পর রবিবার সন্ধ্যায় নিজ দেশে পাঠিয়ে দেয়া হয়।
বিমানবন্দরে পরিবারের সদস্য ও ভক্তরা তাকে স্বাগত জানান। অ্যাশলেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও কোনো অভিযোগ আনেনি। জিজ্ঞাসাবাদ শেষে তিনি তার ব্রিসবেনের বাসায় চলে যান।
অ্যাশলের পিতা বলেন, আমার সন্তান ও অস্ট্রেলিয়ার নাগরিক রিস হার্ডিং একজন বীর, যারা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা বীর। তার মা বলেন, আমার সন্তান সিরিয়ায় স্থলমাইন অপসারণে সাহায্য করেছে-এতে দোষের কিছু নেই।
IMG0
সন্ত্রাসবাদী হামলা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে ফেরাদের ব্যাপারে খুবই সতর্ক অস্ট্রেলিয়া। কেন্দ্রীয় পুলিশ বলেছে যাকে হুমকি মনে করা হবে তার ব্যাপারেই তদন্ত করা হবে। পুলিশের বিবৃতিতে আরো বলা হয়েছে বিদেশে সংঘাতে জড়িয়ে কোনো কোনো অস্ট্রেলিয়ার নাগরিক নিজেদের বিপদে ফেলছেন। সূত্র: বিবিসি
