সালমান খানের হাত ধরে বলিউডে আসা প্রায় সবাই এখন প্রথমসারির তারকা। বলিউডে তাদের পদচারণা এখন নিয়মিত। পাশাপাশি ধারাবাহিকভাবে বক্স অফিসে হিট ছবির তালিকাতেও তাদের নাম এখন উল্লেখযোগ্য।
কিন্তু জেরিন খানের হিসেবের খাতাটা অনেকটা অপূর্ণ। বেশ কয়েকটি সিনেমা এখন পর্যন্ত মুক্তি পেলেও বলিউডে সেভাবে আলোচনায় ছিলেন না তিনি। তবে এবার হয়তো সেই সবকিছুকেই ছাপিয়ে গেছেন জেরিন। গত ৪ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘হেট স্টোরি-৩’তে জেরিনের খোলামেলা পোশাকই শেষ পর্যন্ত নজর কেড়েছে ভক্তদের। যদিও সিনেমাটির ব্যবসা সমীকরণ এখনও সন্তোষজনক নয়। সমালোচকদের কাছ থেকে সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত ইতিবাচক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টদের অনেকেই আশাবাদী আগামী রবিবার পর্যন্ত সিনেমাটি ভালো ব্যবসা করবে। তবে সিনেমাটির ব্যবসা যাই হোক, জেরিন খানের বলিউড ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মন্তব্যই উড়ছে বলিউডপাড়ায়।
জেরিন খান তার ক্যারিয়ারের এখন পর্যন্ত অবস্থান নিয়ে বলেন, ‘আমার ক্যারিয়ারে চলচ্চিত্রের সংখ্যা খুব বেশি না। তবে হেট স্টোরি আমার টার্নিং পয়েন্ট। বলিউড যাত্রায় আমি সফল হতে চাই।’
