দেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্রের ধারাবাহিক প্রবণতা প্রসঙ্গে বেশ কিছুদিন ধরেই সোচ্চার হয়ে কথা বলছেন শাকিব খান। সাম্প্রতিক চলচ্চিত্র প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি আমার মতো করেই ইন্ডাস্ট্রি বান্ধব কাজ করছি। আমি আজ যদি ব্যক্তিগতভাবে শুধু নিজের চিন্তা করে ছবি নেওয়া শুরু করি তাহলে এদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। তবে আমি নিজেও কিছু বুঝি না, আমাদের দেশে কি নায়কের অভাব পড়েছে। আমি আমার কথা বলছি না, কিন্তু টানা কয়েকটি যৌথ নামের ছবিতে কোনো নায়কই নেই আমাদের নিজের দেশের। এর কারণ কি? এছাড়া এখন নাকি প্রায় ছবিতেই গানের কাজ কলকাতার সঙ্গীত পরিচালকদের দিয়ে না করালে চলে না। কিন্তু আমার প্রশ্ন, কই! তাদের গান কি একটাও হিট হয়েছে? তবে কেন এই প্রবণতা?’
এমন একাধিক প্রশ্ন রাখলেন বর্তমান সময়ের চলচ্চিত্রের প্রেক্ষাপট নিয়ে। এছাড়া সাম্প্রতিক কাজ নিয়ে বললেন, ‘গত বছর আমার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনিতে আমাদের দেশের শিল্পী চন্দন সিনহা’র গানটিই সর্বমহলে জনপ্রিয়তা পায়। আমাদের এবারে প্রেম কাহিনি টু-তেও তিনি একটি অসাধারণ গান গেয়েছেন। আমরা তো কোনো ধরনের দ্বিধায় ভুগছি না যে, ওপার বাংলার নায়ক বা গায়ক না আনলে সাফল্য আসবে না। এসবই একটা বাজে তত্ত্ব। আমি মনে করি নিজের ভেতরে ন্যূনতম দেশপ্রেম থাকলে এটা করা উচিত না। আমি যৌথ প্রযোজনার বিরুদ্ধে নই, কিন্তু তা নীতিমালা মেনে তৈরি হোক। আর কত আমরা নিজেরা নিজেদেরকে লজ্জা দেবো!’
