বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। রবিবার রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় অন্যান্যের মধ্যে ফেনক্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনিস উজ্জামান, ফেনক্সের জেনারেল পার্টনার ও বেসিস সভাপতি শামীম আহসান, ফেনক্সের পার্টনার আবুল নুরুজ্জামান, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, টেলিযোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়, ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি হোসেন খালেদ, বাংলাদেশ ব্যাংকের কার্যনির্বাহী পরিচালক আহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘আমি আশা করছি ফেনক্সের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক কূটনীতিতে উন্নততর সম্পর্ক গড়ে তুলতে পারবে।’ আইসিটি প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘দেশের আইসিটি শিল্পে ফেনক্সের বিনিয়োগ এই দেশের বিনিয়োগ সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে এবং তা আইসিটি শিল্পসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক ভূমিকা রাখতে সমর্থ হবে।’ ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনিস উজ্জামান বলেন, ‘আমরা দেখেছি সরকারি-বেসরকারি নানা উদ্যোগে আইটি অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ দারুণভাবে অগ্রসর হচ্ছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের তারুণ্য আমাদের চমত্কার সব ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যা শুধু এই দেশের নয়, বিশ্বের ইকোসিস্টেম পরিবর্তনে ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে জানানো হয়, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল ২০১১ সাল থেকে এক হাজার পাঁচশ কোটি ডলারের ফান্ড নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশে তারা আইসিটি খাতে দুইশ মিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। এর মধ্যেই দুইটি দেশীয় কোম্পানিতে তারা বিনিয়োগও করেছে এবং আরও বেশ কয়েকটি উদ্যোগের সাথে তাদের আলোচনা চলছে।
