নিজামীর আপিল মামলা

আসামি পক্ষের যুক্তিখণ্ডন চলছে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৪:৪৭
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিল মামলায় আসামি পক্ষের যুক্তিখণ্ডন চলছে।
 
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চে যুক্তিখণ্ডন করছেন নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম। 
 
২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন। রায়ে ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে রায়ে নিজামীর ফাঁসির দণ্ড দেয়া হয়।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী।