বন্যাদুর্গতদের সহায়তায় ‘দিলওয়ালে’ টিম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১১:৩২
 
তামিলনাড়ুর বন্যাদুর্গতদের সহায়তায় এক কোটি রুপি দিয়েছে রোহিত শেঠির ‘দিলওয়ালে’ টিম। ভারি বৃষ্টিপাতের কারণে চেন্নাইয়ে ও তার আশেপাশের জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতে ৩২৫ জন মারা গেছেন।
 
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতাকে একটি চিঠিতে শাহরুখ লিখেছেন, চেন্নাইয়ে প্রকৃতির এই আঘাত আমাদের সবাইকে প্রভাবিত করেছে। একই সঙ্গে চেন্নাইয়ের মানুষদের স্থিতিস্থাপকতা ও পরিস্থিতি মোকাবেলায় একে অপরকে সাহায্য করার প্রবণতা আমাদের গর্বিত করেছে।
 
সংকট মোকাবেলায় তামিলনাড়ুর সরকারের পদক্ষেপের প্রশংসা করে শাহরুখ লিখেছেন, অভিনেতা-নির্মাতা এবং তার ছবির (দিলওয়ালে) টিম মুখ্যমন্ত্রীর পাবলিক রিলিফ ফান্ডে এক কোটি রুপি পাঠাচ্ছে। আশা করছি, এই অর্থ সংকট মোকাবেলায় কিছুটা হলেও কাজে লাগবে।
 
‘দিলওয়ালে’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান ও কৃতি স্যানন। আগামী ১৮ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।