ভারতে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ রফতানি কার্যক্রম পিছিয়ে গেছে। জানা যায়, রফতানি সংযোগে ত্রুটি থাকার কারণে ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ভারতে ব্যান্ডউইথ রফতানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ থেকে ভারতে ব্যান্ডউইথ রফতানির বিষয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ হলেও কারিগরি ক্রুটির কারণে প্রকল্পটি বারবার পিছিয়ে যাচ্ছে। গত ১ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক এবং ৭ ডিসেম্বর আয়োজন করে ভারতে ব্যান্ডউইথ রফতানির কথা থাকলেও শেষ পর্যন্ত রফতানি সংযোগে ত্রুটি ধরা পড়েছে! ৫ ডিসেম্বর বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের ত্রিপুরারাজ্য। বিএসএনএলের উত্তর গেট কার্যালয়ের সঙ্গে বাংলাদেশের ক্যাবল সংযোগের টেস্ট সিগন্যালও হয়েছে। তবে তা কার্যত কোন ভাল ফলাফল পাওয়া যায়নি।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) জেনারেল ম্যানেজার সহিদুল আলম এবং বিএসএনএলের ভারত ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার রবি চন্দ্রর উপস্থিতিতে হয় এই টেস্ট সিগন্যাল। পরে তারা জানান সব প্রস্তুতি চূড়ান্ত। এখন অপেক্ষা বাংলাদেশ-ভারতের সবুজ সঙ্কেতের। এরপরই আনুষ্ঠানিকভাবে টেলিপরিসেবায় ইন্টারন্যাশনাল গেটওয়ের স্বীকৃতি পাবে বাংলাদেশের মাধ্যমে আগরতলা।
বিটিসিএলের জেনারেল ম্যানেজার সহিদুল আলমের নেতৃত্বে ৪ সদস্য বাংলাদেশ প্রতিনিধিদল আখাউড়া স্থলবন্দর দিয়ে শনিবার ভারতের ত্রিপুরায় যায়। দলের অন্য সদস্যরা ছিল কবির হাসান, আনোয়ার হোসেন মাসুদ, রেজাউর রহমান আকন্দ। প্রত্যেকেই বিটিসিএলের কর্মকর্তা।
ত্রিপুরায় গিয়ে তারা কামান চৌমুহনী দুরসঞ্চার ভবনের সম্মেলনে ভারত ত্রিপুরা বিএসএনএলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইন্টারন্যাশনাল গেটওয়ের আনুষ্ঠানিক সূচনা নিয়ে আলোচনা হয়। পত্রিকার খবরে আরো বলা হয়েছে, বাংলাদেশের সাথে ক্যাবল সংযোগ যুক্ত হওয়ার পাশাপাশি উত্তর গেটে বসেছে ট্রান্সমিশনও। বাকি আছে রাইডার বসানোর কাজ। এটি চেন্নাই থেকে আসার কথা বলে জানা গেছে।
এদিকে একই দিনে ভারতীয় পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, ভারতে আগরতলা দিয়ে চালু হচ্ছে তৃতীয় গেইটওয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগির এটি উদ্বোধন করবেন। প্রিয় ডট কম।
