'জঙ্গি হামলা গ্লোবাল থ্রেটে পরিণত হয়েছে'- এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 'জঙ্গি তৎপরতা একটা গ্লোবাল থ্রেটে পরিণত হয়েছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। আমাদের নিরাপত্তা বাহীনি ভালো কাজ করছে। কাজেই এটা নিয়ে আতঙ্ক বা উৎকণ্ঠা প্রকাশ করার কিছু নেই।' মঙ্গলবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ফেসবুক খোলার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশেষ পরিস্থিতির কারণে সামাজিক যোগাযোগ বন্ধ করেছি। ফেসবুক যারা পরিচালনা করেন তাদের সাথে আলাপ হয়েছে। আমরা পর্যালোচনা করছি। যখন প্রয়োজন শেষ হবে তখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে।
জঙ্গি তত্পরতা প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গি তত্পরতা সারা দেশে হচ্ছে সে তুলনায় আমাদের দেশ অনেক ভালো আছে। মাঝে মাঝে দুই একটা ঘটনা যেগুলো ঘটে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
পৌরসভা নির্বাচন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের কথা মানুষ যাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন, নেতৃত্বে যাবে। এটাই নিয়ম, এটাই হবে। সেভাবে নির্বাচন কমিশন কাজ করছে। কারচুপি হওয়ার কোন সুবিধা নেই। নির্বাচন কমিশন স্বাধীন এবং সার্বভৌম।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর খন্দকার, পুলিশ সুপার মোঃ রেজাউল হক, জেলা পরিশদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার, দাগনভূঞাঁ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন প্রমুখ।
