‘হিট অ্যান্ড রান’ মামলা

সালমানের আপিলের রায় মঙ্গলবার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৯:২৮
 
‘হিট অ্যান্ড রান’ মামলায় দণ্ড পাওয়া বলিউড তারকা সালমান খানের আপিলের ওপর মঙ্গলবার রায় দেবে বোম্বে হাইকোর্ট। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
 
২০০২ সালে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার ঐ মামলায় সালমান দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের মে মাসে তাকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেয় ভারতের একটি বিচারিক আদালত।
 
আদালতের ঐ রায়ের বিরুদ্ধে আপিল করেন সালমান। এর পরিপ্রেক্ষিতে আদালত তার দণ্ড স্থগিত করেন।
 
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির চাপায় ফুটপাতে শুয়ে থাকা একজন নিহত হন। আহত হন আরো চারজন।
 
প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, তারা সালমান খানকে চালকের আসন থেকে বেরিয়ে আসতে দেখেছেন। তবে সালমানের আইনজীবীরা দাবি করেছেন, সালমান নয়, তার গাড়িচালক অশোক সিং চালকের আসনে ছিলেন।