ধোঁয়াশার জন্য বেইজিংয়ে ‘রেড অ্যালার্ট’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ১৪:১৯
স্কুল বন্ধ, নির্মাণ কাজ বন্ধ- কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বায়ুদূষণের কারণে! চীনের রাজধানী বেইজিংয়ে মানবসৃষ্ট এই দুর্যোগের কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
 
বেইজিংয়ে বায়ুদূষণ নিয়ে এটাই প্রথম বারের মতো সর্বোচ্চ সতর্ক সংকেত। ব্যক্তিগত গাড়ি চলাচল ও কলকারখানার কিছু উৎপাদনের কাজও সীমিত করে দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটায় এই সতর্ক সংকেত জারি করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তা বহাল থাকবে।
 
ফ্রান্সের রাজধানী প্যারিসে এখন বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচনা চলছে। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর অঙ্গীকার করেছেন। এর পরই বেইজিংয়ে বায়ুদূষণের কারণে এ সতর্কতা জারি করতে হলো। গত দুই বছর ধরে চীনে বায়ুদূষণের কারণে ধোঁয়াশা সৃষ্টি হলেও এই প্রথম দেশটিতে চার স্তরের এ সতর্কতা জারি করা হয়েছে। কয়লার মাধ্যমে উৎপাদিত তাপশক্তি চালিত শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন এলাকার ধুলাবালি—এসবের কারণে চীনে ঘন ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে।
 
IMG0
 
বেইজিংয়ে অবস্থিত মার্কিন দূতাবাসের বায়ুদূষণ পর্যবেক্ষক জানান, গ্রিনিচ সময় গতকাল রাত ১১টায় যখন এই রেড অ্যালার্ট জারি হয়, তখন বাতাসে থাকা ক্ষতিকর আণুবীক্ষণিক কণার ঘনত্ব ছিল খুব বেশি। 
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ক্ষতিকর এই কণার সহনীয় মাত্রা হচ্ছে প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম। পরিবেশবিষয়ক সংস্থা গ্রিনপিসের কর্মী দং লিয়ানসাই বলেন, বেইজিং সরকারের কাছ থেকে রেল অ্যালার্ট জারি একটি ভালো লক্ষণ। বিবিসি।